প্রকাশ :: ... | ... | ...

আইসিজের রায়ের পরও রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার


সংযুক্ত ছবি

গণহত্যার রায় প্রত্যাখ্যানের সুর দেশটির বিবৃতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পরও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি দেশটি। বরং রায়ের প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে রোহিঙ্গাদের সরাসরি স্বীকৃতি না দিয়ে ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে পরিস্থিতি অনুকূলে এলে পরিচয় যাচাইয়ের মাধ্যমে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে নেপিদো। তবে প্রত্যাবাসনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা কিংবা নিরাপদে ফেরার নিশ্চয়তা দেয়নি দেশটি। শুক্রবার (২০ নভেম্বর) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, উত্তর রাখাইন রাজ্যে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখা হবে। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত ব্যক্তিদের পরিস্থিতি অনুকূলে এলে যাচাই-বাছাই করে প্রত্যাবাসন করা হবে। এসব কার্যক্রম পরিচালিত হবে মিয়ানমারের অভ্যন্তরীণ আইন, আন্তর্জাতিক রীতিনীতি, বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা কর্মসূচির আওতায়। বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমার তার জনগণের সর্বোত্তম স্বার্থ ও জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রেখেই সহায়তা ও পুনর্বাসনসংক্রান্ত পদক্ষেপ নেবে। উত্তর রাখাইন রাজ্যের পরিস্থিতিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করার বিষয়টি বিবৃতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকগুলোর একটি। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত পরিচয় অস্বীকার করে তাদের বাংলাদেশ থেকে যাওয়া ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করে আসছে মিয়ানমারের কর্তৃপক্ষ। এবারও বিবৃতিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার পর উত্তর রাখাইনে সৃষ্ট পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বাস্তুচ্যুত স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ‘বাঙালি’ জনগোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতের রায়ের পরও রোহিঙ্গাদের পরিচয় প্রশ্নে মিয়ানমারের অবস্থানের পরিবর্তনের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজে গাম্বিয়ার করা মামলায় রায় ঘোষণা করেন। ২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মামলাটি করে। দীর্ঘ শুনানি ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৯-৬ ভোটে সিদ্ধান্ত দেন, ২০১৭ সালে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের সময় মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। আদালত আরও বলেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে মিয়ানমার ব্যর্থ হয়েছে এবং গণহত্যা সনদের অধীনে প্রয়োজনীয় আইন প্রণয়নেও দেশটির ঘাটতি রয়েছে। আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে চলমান লঙ্ঘন বন্ধ, অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত, প্রয়োজন হলে বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ এবং বাস্তুচ্যুতদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ পুনর্বাসনমূলক ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতার কথাও উল্লেখ করেছেন। রায়টি চূড়ান্ত ও বাধ্যতামূলক; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। কিন্তু এই রায়ের প্রতিক্রিয়ায় মিয়ানমার হতাশা প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আদালতের রায় ৯-৬ ভোটে হয়েছে এবং ছয় বিচারকের ভিন্নমত রয়েছে। ভিন্নমত দেওয়া বিচারকেরা গণহত্যা প্রমাণের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে প্রযোজ্য মানদণ্ড ও আদালতে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণের মূল্যায়ন নিয়ে আপত্তি তুলেছেন বলে দাবি করেছে মিয়ানমার। বিবৃতিতে আরও বলা হয়, লিখিত ও মৌখিক শুনানিতে মিয়ানমার আদালতের সামনে তথ্য, নথিপত্র ও প্রমাণ উপস্থাপন করেছে। দেশটির দাবি, গাম্বিয়ার অভিযোগ এবং বিভিন্ন তদন্ত প্রতিবেদন বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইনে পরিচালিত অভিযান গণহত্যার উদ্দেশ্যে ছিল না; বরং আরসার সন্ত্রাসী হামলার জবাবে সীমিত পরিসরে ও স্বল্প সময়ের জন্য এসব অভিযান চালানো হয়েছিল। মিয়ানমারের দাবি, আরসার হামলা, হত্যা, ধ্বংসযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে উত্তর রাখাইনের বিভিন্ন গ্রাম ও শহর ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় বাসিন্দা ও বাঙালিরা বাস্তুচ্যুত হতে বাধ্য হন। তবে আদালত এসব যুক্তি ও উপস্থাপিত তথ্য পর্যালোচনা করেই গণহত্যার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। ফলে মিয়ানমারের বিবৃতিতে দেওয়া ব্যাখ্যা আদালতের চূড়ান্ত সিদ্ধান্তকে পরিবর্তন করে না। প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের নতুন ঘোষণাও প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে এর আগেও একাধিকবার উদ্যোগ ও আলোচনা হয়েছে। কিন্তু নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা, জীবিকার অধিকার এবং নিজ বসতভিটায় ফেরার নিশ্চয়তা না থাকায় প্রত্যাবাসন কার্যকর হয়নি। এবার আইসিজের রায়ের পরও মিয়ানমার প্রত্যাবাসনের বিষয়টি ‘পরিস্থিতি অনুকূলে এলে’ এবং পরিচয় যাচাইয়ের শর্তের সঙ্গে যুক্ত করেছে। ফলে বাস্তবে কবে, কীভাবে এবং কতজনকে ফিরিয়ে নেওয়া হবে, তা এখনো অনিশ্চিত। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। তাঁদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন বাংলাদেশের দীর্ঘদিনের দাবি। আইসিজের রায় এই দাবির পক্ষে আন্তর্জাতিক আইনি ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। আদালত শুধু অতীতের অপরাধের দায় নির্ধারণ করেননি, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নিরাপদে নিজ ভূমিতে ফেরার বিষয়টিকেও প্রতিকারের অংশ হিসেবে বিবেচনা করেছেন। রায়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, আইসিজের নির্দেশনা অনুযায়ী মিয়ানমারকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করবে ঢাকা। তবে প্রত্যাবাসনের জন্য শুধু মিয়ানমারের ঘোষণা যথেষ্ট নয়। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও পরিচয়ের স্বীকৃতি, চলাচলের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের সুযোগ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে প্রত্যাবাসন যেন জোরপূর্বক না হয় এবং ফিরে যাওয়া মানুষ যেন আবারও নিপীড়ন বা বাস্তুচ্যুতির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। আইসিজের রায় রোহিঙ্গা গণহত্যার দায় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আইনি মাইলফলক। কিন্তু রায়ের বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এখন বড় চ্যালেঞ্জ। মিয়ানমার একদিকে আদালতের রায়ে অসন্তোষ জানাচ্ছে, অন্যদিকে পরিস্থিতি অনুকূলে এলে প্রত্যাবাসনের কথা বলছে। রোহিঙ্গাদের জাতিগত পরিচয় স্বীকার না করা এবং প্রত্যাবাসনকে অনির্দিষ্ট শর্তের সঙ্গে যুক্ত রাখার কারণে দেশটির ঘোষণার বাস্তব কার্যকারিতা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।