প্রকাশ :: ... | ... | ...

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, পূর্বাভাস পিউ রিসার্চের


সংযুক্ত ছবি

জন্মহার ও তরুণ জনগোষ্ঠীর কারণে দ্রুত বাড়বে মুসলিম জনসংখ্যা; ২০৭০ সালে মুসলিম ৩৬৪ কোটি, খ্রিষ্টান ২৯৬ কোটি হওয়ার সম্ভাবনা বিশ্বের ধর্মীয় জনমিতিতে বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। প্রতিষ্ঠানটির নতুন গবেষণা বলছে, বর্তমান জনমিতিক প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হবে মুসলিমরা। তবে এর অর্থ খ্রিষ্টধর্মের অনুসারীর সংখ্যা কমে যাবে, এমন নয়। বরং দুই ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে; মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির গতি হবে তুলনামূলক বেশি। গত ১৮ নভেম্বর প্রকাশিত ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক গবেষণায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০২০ সালের জনমিতিক তথ্যকে ভিত্তি ধরে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের ধর্মীয় জনগোষ্ঠীর সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করেছে প্রতিষ্ঠানটি। এসব দেশ ও অঞ্চল সম্মিলিতভাবে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের প্রতিনিধিত্ব করে। গবেষণার হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা ছিল প্রায় ২০২ কোটি, যা মোট জনসংখ্যার ২৫ দশমিক ৬ শতাংশ। একই সময়ে খ্রিষ্টান ছিলেন প্রায় ২২৭ কোটি, অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ২৮ দশমিক ৮ শতাংশ। কিন্তু আগামী দেড় দশকে এই ব্যবধান ঘুচে যাবে। ২০৩৫ সালে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটি এবং খ্রিষ্টানের সংখ্যা ২৫২ কোটিতে পৌঁছাতে পারে। অর্থাৎ তখন মুসলিমরা সংখ্যায় খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে ব্যবধান আরও বাড়ার চিত্র উঠে এসেছে। ২০৭০ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা প্রায় ৩৬৪ কোটি এবং খ্রিষ্টানের সংখ্যা ২৯৬ কোটি হতে পারে। সে সময় বিশ্বের মোট জনসংখ্যার ৩৫ দশমিক ৮ শতাংশ মুসলিম এবং ২৯ দশমিক ১ শতাংশ খ্রিষ্টান হওয়ার পূর্বাভাস দিয়েছে পিউ। অর্থাৎ ২০২০ সালে যে ধর্মীয় জনগোষ্ঠী সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ছিল, পাঁচ দশকের মধ্যে তারাই বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে। জন্মহারই সবচেয়ে বড় চালিকা শক্তি পিউ রিসার্চের গবেষণায় মুসলিম জনগোষ্ঠীর দ্রুত বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উচ্চ জন্মহার ও তুলনামূলক তরুণ বয়সকাঠামোর কথা বলা হয়েছে। ২০২০ থেকে ২০২৫ সময়কালে মুসলিম নারীদের মোট প্রজনন হার ছিল গড়ে ৩ দশমিক ১ সন্তান। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। অন্যদিকে হিন্দু নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৯, বৌদ্ধ নারীদের ১ দশমিক ৬ এবং ধর্মীয় পরিচয়হীন নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৩ সন্তান। একটি প্রজন্মের জনসংখ্যা পরবর্তী প্রজন্মের মাধ্যমে মোটামুটি স্থিতিশীল রাখতে সাধারণত নারীপ্রতি ২ দশমিক ১ সন্তানকে প্রতিস্থাপনযোগ্য প্রজনন হার হিসেবে বিবেচনা করা হয়। তবে এটি একটি আনুমানিক মান; শিশুমৃত্যু ও সামগ্রিক মৃত্যুহারের ওপর নির্ভর করে বিভিন্ন দেশে প্রয়োজনীয় হার ভিন্ন হতে পারে। মুসলিম নারীদের বর্তমান গড় প্রজনন হার এ সীমার অনেক ওপরে। খ্রিষ্টানদের হারও এর ওপরে থাকলেও মুসলিমদের তুলনায় কম। অন্যান্য কয়েকটি বড় ধর্মীয় গোষ্ঠীর ক্ষেত্রে তা প্রতিস্থাপনযোগ্য হারের নিচে। গবেষণার অন্যতম লেখক ও পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনমিতি বিশেষজ্ঞ কনরাড হ্যাকেট বলেছেন, ধর্মীয় জনগোষ্ঠীর বৃদ্ধির ক্ষেত্রে জন্মহারই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের তুলনায় জন্ম ও মৃত্যুর ব্যবধান জনসংখ্যার ওপর অনেক বেশি প্রভাব ফেলে। গবেষণার হিসাবও তাঁর বক্তব্যের পক্ষে শক্তিশালী তথ্য দেয়। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে জন্ম ও মৃত্যুর ব্যবধানের কারণে মুসলিম জনগোষ্ঠীর নিট বৃদ্ধি হতে পারে প্রায় ১৬০ কোটি। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি হতে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ। অর্থাৎ শুধু জন্ম ও মৃত্যুর হিসাবেই মুসলিম জনগোষ্ঠীর সম্ভাব্য বৃদ্ধি খ্রিষ্টানদের তুলনায় প্রায় দ্বিগুণ। তরুণ জনগোষ্ঠীও বাড়াচ্ছে মুসলিমদের সংখ্যা জন্মহারের পাশাপাশি মুসলিমদের বয়সকাঠামোও জনসংখ্যা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে। পিউয়ের হিসাবে, ২০২০ সালে বিশ্বের প্রায় ৬০ শতাংশ মুসলিমের বয়স ছিল ৩০ বছরের নিচে। অন্যদিকে অমুসলিম জনগোষ্ঠীর অর্ধেকেরও কম মানুষের বয়স ছিল ৩০ বছরের নিচে। ২০২০ সালে বিশ্বে মুসলিমদের মধ্যম বয়স ছিল ২৪ বছর। খ্রিষ্টানদের ক্ষেত্রে তা ৩১ বছর, হিন্দুদের ২৯ বছর এবং বৌদ্ধদের ৪০ বছর। মধ্যম বয়স বলতে এমন একটি বয়সকে বোঝায়, যার নিচে ও ওপরে জনসংখ্যার অর্ধেক করে মানুষ অবস্থান করেন। তরুণ জনগোষ্ঠীর অনুপাত বেশি হলে ভবিষ্যতে সন্তান জন্মদানের বয়সে পৌঁছানো মানুষের সংখ্যাও বেশি থাকে। ফলে কোনো জনগোষ্ঠীর নারীপ্রতি সন্তানসংখ্যা ধীরে ধীরে কমলেও মোট জন্মের সংখ্যা দীর্ঘ সময় বেশি থাকতে পারে। জনমিতির ভাষায় একে জনসংখ্যার গতিশীলতা বা ‘পপুলেশন মোমেন্টাম’ বলা হয়। পিউয়ের পূর্বাভাসে ২০৭০ সালে মুসলিমদের মধ্যম বয়স বেড়ে ৩৫ বছর হতে পারে। অর্থাৎ মুসলিম জনগোষ্ঠীর বয়সও বাড়বে। তবে সে সময়ও তাদের মধ্যম বয়স খ্রিষ্টানদের সম্ভাব্য ৩৭ বছর এবং হিন্দুদের ৪৫ বছরের চেয়ে কম থাকবে। ধর্মান্তরের প্রভাব কতটা ধর্মীয় পরিচয় পরিবর্তন বা ধর্মান্তরও বিভিন্ন জনগোষ্ঠীর আকার বদলে দেয়। তবে পিউয়ের গবেষণা বলছে, মুসলিমদের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ ধর্মান্তর নয়। বরং জন্ম ও মৃত্যুর ব্যবধানই এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ধর্মীয় পরিচয় পরিবর্তনের কারণে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর নিট প্রায় ৮০ লাখ মানুষ কমতে পারে। অর্থাৎ যারা ইসলাম ত্যাগ করবেন, তাদের তুলনায় ইসলাম গ্রহণকারীর সংখ্যা সামগ্রিক হিসাবে কিছুটা কম হওয়ার পূর্বাভাস রয়েছে। বিপরীতে একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠী ধর্মীয় পরিচয় পরিবর্তনের কারণে প্রায় ১০ কোটি ৫০ লাখ মানুষ হারাতে পারে। এ হিসাবের অর্থ হলো, মুসলিমদের দ্রুত বৃদ্ধির পেছনে ব্যাপক হারে ধর্মান্তরকে প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে না। বরং মুসলিম পরিবারে তুলনামূলক বেশি সন্তান জন্ম নেওয়া এবং জনগোষ্ঠীর বড় অংশের তরুণ বয়সে থাকা—এই দুটি বিষয়ই প্রধান চালিকা শক্তি। গবেষণায় ধর্মীয় পরিচয় পরিবর্তনের তথ্য সংগ্রহ করা হয়েছে ১১২টি দেশ ও অঞ্চলের সাম্প্রতিক জরিপ থেকে। যেখানে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি, সেখানে কিছু জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয় পরিবর্তন না হওয়ার অনুমান করা হয়েছে। ফলে এ অংশের পূর্বাভাসেও তথ্যের সীমাবদ্ধতা রয়েছে। বিশ্বের মুসলিম জনসংখ্যার কেন্দ্র কোথায় সরে যাবে বিশ্বের মুসলিম জনসংখ্যার বড় অংশ এখন এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বসবাস করে। ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মতো দেশ এ অঞ্চলের মুসলিম জনসংখ্যার গুরুত্বপূর্ণ অংশ। তবে আগামী পাঁচ দশকে মুসলিম জনসংখ্যার ভৌগোলিক বণ্টনে বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে পিউ। ২০২০ সালে বিশ্বের মোট মুসলিমের ৫৮ দশমিক ৭ শতাংশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বসবাস করতেন। ২০৭০ সালে এ হার কমে ৪৯ দশমিক ৬ শতাংশ হতে পারে। অন্যদিকে সাব-সাহারান আফ্রিকায় বিশ্বের মুসলিম জনসংখ্যার অংশ ১৮ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ২৬ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় এ অংশ মোটামুটি ২০ শতাংশের কাছাকাছি থাকবে। এর অর্থ, মুসলিম জনগোষ্ঠীর মোট সংখ্যা বাড়ার পাশাপাশি তাদের বসবাসের ভৌগোলিক কেন্দ্রেও পরিবর্তন আসবে। বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ায় আগামী দশকগুলোতে এ অঞ্চল বিশ্ব মুসলিম জনসংখ্যার ক্রমবর্ধমান অংশের আবাসস্থল হয়ে উঠতে পারে। সাব-সাহারান আফ্রিকায় মুসলিম নারীদের গড় প্রজনন হার ৫ দশমিক ১ সন্তান। একই অঞ্চলের অমুসলিম নারীদের ক্ষেত্রে এ হার ৪। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ৩ দশমিক ১ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২ দশমিক ৫। ফলে আফ্রিকার জনমিতিক পরিবর্তন বৈশ্বিক মুসলিম জনসংখ্যার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পাকিস্তান ছাড়িয়ে যাবে ইন্দোনেশিয়াকে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়া। তবে পিউয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে। পাকিস্তানে মুসলিম নারীদের গড় প্রজনন হার ৩ দশমিক ৬ সন্তান, আর ইন্দোনেশিয়ায় তা ২ দশমিক ১। উত্তর আমেরিকাতেও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ২০৭০ সালের মধ্যে এ অঞ্চলে মুসলিমের সংখ্যা বর্তমানের প্রায় ৬০ লাখ থেকে বেড়ে ২ কোটি হতে পারে। সেখানে জন্মহারের পাশাপাশি অভিবাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার তুলনায় মুসলিমদের অংশ তখনও তুলনামূলক ছোট থাকবে—প্রায় ৪ শতাংশ। ভারতে হিন্দুদের অংশ কমবে, বাড়বে মুসলিমদের ভারতের ধর্মীয় জনমিতি নিয়েও গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে পিউ। দেশটিতে আগামী পাঁচ দশকেও হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ থাকবেন। তবে মোট জনসংখ্যায় তাঁদের অংশ কিছুটা কমবে। অন্যদিকে মুসলিমদের অংশ বাড়বে। পিউয়ের হিসাব অনুযায়ী, ২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার ৭৯ দশমিক ৪ শতাংশ ছিলেন হিন্দু। ২০৭০ সালে তা কমে ৭৫ দশমিক ৮ শতাংশ হতে পারে। একই সময়ে মুসলিমদের অংশ ১৫ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ১৯ দশমিক ৬ শতাংশে পৌঁছাতে পারে। অর্থাৎ ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ অবস্থান ধরে রাখলেও দুই জনগোষ্ঠীর জনসংখ্যার অনুপাতের ব্যবধান কিছুটা কমবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। হিন্দুদের অংশ কমলেও তাঁদের মোট সংখ্যা কমবে না। পিউয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ভারতে হিন্দুদের সংখ্যা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়তে পারে। একই সময়ে দেশটির মুসলিম জনসংখ্যাও বাড়বে। গবেষণায় বলা হয়েছে, মুসলিমদের তুলনামূলক তরুণ বয়সকাঠামো ও বেশি প্রজনন হার এ পরিবর্তনের প্রধান কারণ। ভারতের ক্ষেত্রে গবেষণাটির একটি তথ্যগত সীমাবদ্ধতাও রয়েছে। দেশটির ২০২১ সালের জনগণনা কোভিড-১৯ মহামারির কারণে পিছিয়ে যায় এবং গবেষণা তৈরির সময়ও তা সম্পন্ন হয়নি। তাই ২০২০ সালের ভিত্তি জনসংখ্যা নির্ধারণে পিউকে ২০১১ সালের সর্বশেষ জনগণনার তথ্য থেকে অনুমান করতে হয়েছে। ফলে ভারতের পূর্বাভাসকে চূড়ান্ত বাস্তব সংখ্যা হিসেবে না দেখে জনমিতিক মডেলভিত্তিক হিসাব হিসেবে বিবেচনা করা প্রয়োজন। খ্রিষ্টধর্মের কেন্দ্র সরে যাবে আফ্রিকায় মুসলিম জনগোষ্ঠীর মতো খ্রিষ্টানদের ভৌগোলিক বণ্টনেও বড় পরিবর্তন আসতে পারে। পিউয়ের গবেষণা বলছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বের অধিকাংশ খ্রিষ্টান সাব-সাহারান আফ্রিকায় বসবাস করবেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র খ্রিষ্টান জনসংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ দেশ হতে পারে। ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান ছিলেন প্রায় ২২৭ কোটি। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ২৯৬ কোটিতে পৌঁছাতে পারে। তবে বিশ্ব জনসংখ্যায় তাঁদের অংশ ২০২০ সালের ২৮ দশমিক ৮ শতাংশ থেকে ২০৭০ সালে ২৯ দশমিক ১ শতাংশে দাঁড়াবে। অর্থাৎ মোট সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাঁদের অবস্থান প্রায় স্থিতিশীল থাকবে। ইউরোপ ও উত্তর আমেরিকায় খ্রিষ্টানদের অনুপাত কমার বিপরীতে আফ্রিকায় তাঁদের সংখ্যা দ্রুত বাড়বে। ইউরোপে ধর্মীয় পরিচয় পরিবর্তন ও স্বাভাবিক জনসংখ্যা হ্রাস এ পরিবর্তনে ভূমিকা রাখবে। অন্যদিকে আফ্রিকায় তুলনামূলক তরুণ জনগোষ্ঠী ও বেশি জন্মহার খ্রিষ্টান জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হবে। অন্য ধর্মগুলোর অবস্থান কী হবে পিউয়ের গবেষণায় শুধু ইসলাম ও খ্রিষ্টধর্ম নয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি এবং অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর ভবিষ্যৎও বিশ্লেষণ করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে বিশ্বের হিন্দু জনসংখ্যা বেড়ে প্রায় ১৩৮ কোটি হতে পারে। তবে বিশ্ব জনসংখ্যায় তাঁদের অংশ ২০২০ সালের ১৪ দশমিক ৯ শতাংশ থেকে কমে ১৩ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। বৌদ্ধদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। ২০২০ সালে বিশ্বে বৌদ্ধ ছিলেন প্রায় ৩২ কোটি। ২০৭০ সালে তা কমে প্রায় ২৫ কোটি হতে পারে। বিশ্ব জনসংখ্যায় তাঁদের অংশ ৪ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৫ শতাংশে নামার পূর্বাভাস রয়েছে। ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাও দীর্ঘ মেয়াদে কমতে পারে। ২০২০ সালে এ জনগোষ্ঠীর সংখ্যা ছিল প্রায় ১৯১ কোটি, যা বিশ্ব জনসংখ্যার ২৪ দশমিক ২ শতাংশ। ২০৭০ সালে তা কমে প্রায় ১৭২ কোটি এবং বিশ্ব জনসংখ্যার ১৭ শতাংশ হতে পারে। এর পেছনে ধর্মীয় পরিচয় পরিবর্তনের পাশাপাশি তুলনামূলক কম জন্মহার ও বয়স্ক জনসংখ্যার প্রভাব রয়েছে। অন্যদিকে ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা ২০২০ সালের প্রায় ১ কোটি থেকে বেড়ে ২০৭০ সালে প্রায় ২ কোটি হতে পারে। তবে বিশ্ব জনসংখ্যায় তাঁদের অংশ খুব সামান্যই থাকবে। পূর্বাভাস, নিশ্চিত ভবিষ্যৎ নয় পিউ রিসার্চের এই গবেষণার ব্যাপ্তি বড় হলেও এটি কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। গবেষকেরা বিভিন্ন দেশের জনগণনা, জরিপ, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের তথ্য ব্যবহার করে সম্ভাব্য পরিস্থিতি তৈরি করেছেন। জাতিসংঘের ২০২৪ সালের বিশ্ব জনসংখ্যা পূর্বাভাস এবং হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক গাই অ্যাবেলের অভিবাসনসংক্রান্ত তথ্যও এতে যুক্ত করা হয়েছে। পোল্যান্ডের ক্রাকো ইউনিভার্সিটি অব ইকোনমিকসের সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অব পপুলেশন অ্যান্ড রিলিজিয়নের গবেষকেরা মডেল তৈরিতে সহযোগিতা করেছেন। এই হিসাবের অন্যতম শর্ত হলো, সাম্প্রতিক সময়ে দেখা জন্মহার, মৃত্যুহার, অভিবাসন ও ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রবণতা ভবিষ্যতেও মোটামুটি একইভাবে চলবে। কিন্তু যুদ্ধ, মহামারি, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসার কিংবা সামাজিক মূল্যবোধের পরিবর্তন জনসংখ্যার গতিপথ বদলে দিতে পারে। কোনো অঞ্চলে জন্মহার দ্রুত কমে গেলে বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রবণতা বদলে গেলে পূর্বাভাসও পাল্টে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, জনসংখ্যার আকার কোনো ধর্মের বিশ্বাস, আদর্শ বা অনুসারীদের ধর্মীয় অনুশীলনের গভীরতা পরিমাপ করে না। পিউয়ের গবেষণাটি ধর্মীয় জনগোষ্ঠীর সংখ্যাগত পরিবর্তন নিয়ে; কোন ধর্মের অনুসারী বেশি ধর্মপ্রাণ, কোন ধর্মের প্রভাব বেশি কিংবা কোন ধর্মের ভবিষ্যৎ সামাজিক অবস্থান কী হবে—এ ধরনের মূল্যায়ন এর উদ্দেশ্য নয়। তবু গবেষণাটি বিশ্বব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগামী পাঁচ দশকে বিশ্বের জনসংখ্যার বয়সকাঠামো, জন্মহার ও ভৌগোলিক বণ্টনের পরিবর্তনের সঙ্গে ধর্মীয় জনমিতিও বদলাবে। মুসলিম জনগোষ্ঠীর দ্রুত বৃদ্ধি, আফ্রিকায় খ্রিষ্টান জনসংখ্যার বিস্তার, এশিয়ায় ধর্মীয় অনুপাতের পরিবর্তন এবং বৌদ্ধ ও ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীর সম্ভাব্য সংকোচন—সব মিলিয়ে ২০৭০ সালের বিশ্ব আজকের চেয়ে উল্লেখযোগ্যভাবে ভিন্ন ধর্মীয় জনমিতির মুখোমুখি হতে পারে।