মূল বেতন পুরোপুরি কার্যকর হবে ২০২৭ সালের জুলাই থেকে, নতুন হারে ভাতা মিলবে ২০২৮ সালের জানুয়ারি থেকে। পদোন্নতি ও উচ্চতর গ্রেডের নথি প্রস্তুত রাখার পরামর্শ সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পরও সব সুবিধা একসঙ্গে পাচ্ছেন না অনেকে। নতুন কাঠামোয় মূল বেতন বাড়লেও তা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। অন্যদিকে বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য ভাতার নতুন হার কার্যকর হবে আরও পরে। ফলে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ আর্থিক সুবিধা পেতে কর্মচারীদের নির্ধারিত নিয়মে বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন সম্পন্ন করার পাশাপাশি চাকরির রেকর্ড ও প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে। অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, নতুন বেতন নির্ধারণের কাজ করা হচ্ছে সরকারের সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ ব্যবস্থা iBAS++-এর মাধ্যমে। এ প্রক্রিয়ায় কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ, পদবি, গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ, আগের মূল বেতন এবং পদোন্নতি বা উচ্চতর গ্রেডের তথ্য প্রয়োজন হচ্ছে। এসব তথ্যের কোনো ভুল বা অসংগতি থাকলে নতুন বেতন নির্ধারণ ও পরিশোধে জটিলতা তৈরি হতে পারে। গত ১৯ সেপ্টেম্বর জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট প্রকাশ করা হয়। নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই বেতন একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না; নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে বাড়বে। কখন কত বেতন পাবেন নতুন বেতনকাঠামো বাস্তবায়নে মূল বেতন বৃদ্ধির হার গ্রেডভেদে আলাদা রাখা হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা নতুন কাঠামোয় নির্ধারিত বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এ হার ৫০ শতাংশ। পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৭৫ শতাংশ পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন কাঠামোয় নির্ধারিত শতভাগ মূল বেতন কার্যকর হবে। অর্থাৎ নতুন পে স্কেলের মূল বেতনের পুরো সুবিধা পেতে কর্মচারীদের ২০২৭ সালের জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য ভাতার নতুন সুবিধা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী ভাতা দেওয়া হবে। এ কারণে নতুন মূল বেতন এবং মোট মাসিক প্রাপ্য অর্থের মধ্যে পার্থক্য থাকবে। মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করেই একজন কর্মচারীর মোট বেতন নির্ধারিত হয়। মূল বেতন বাড়লেও ভাতার নতুন হার কার্যকর না হওয়া পর্যন্ত মোট বেতন একই অনুপাতে বাড়বে না। পে ফিক্সেশনে যেসব তথ্য দিতে হবে নতুন বেতন নির্ধারণের জন্য কর্মচারীদের iBAS++-এর নির্ধারিত পে ফিক্সেশন মডিউলে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হয়। এ ক্ষেত্রে প্রথমেই জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখের সঠিকতা নিশ্চিত করতে হবে। এরপর বর্তমান পদবি, বেতন গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত মূল বেতনের তথ্য দিতে হবে। পাশাপাশি আগের বেতন নির্ধারণের রেকর্ডও যাচাই করতে হবে। কোনো কর্মচারী চাকরিজীবনে পদোন্নতি, উচ্চতর গ্রেড, টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে সেগুলোর তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। এ ধরনের পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস আদেশ ও প্রয়োজনীয় প্রমাণপত্র প্রস্তুত রাখা জরুরি। গেজেটেড কর্মচারীরা iBAS++-এর নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করবেন। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিয়ে প্রবেশের ব্যবস্থা রয়েছে। লগইনের সময় নিবন্ধিত মোবাইল নম্বরে ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠানো হয়। বিদেশে অবস্থানরত কর্মচারীদের ক্ষেত্রে নিবন্ধিত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা রয়েছে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের পে ফিক্সেশনের আগে এনআইডি নিবন্ধন সম্পন্ন করতে হবে। আবার এনআইডি ও চাকরির নথিতে জন্মতারিখের অমিল থাকলে তা সংশোধন করা জরুরি। কারণ, পরিচয় ও চাকরির তথ্যের অসংগতি থাকলে বেতন নির্ধারণের প্রক্রিয়া আটকে যেতে পারে। নির্ধারিত ছকে তথ্য পূরণ করার পর জমা দেওয়ার আগেই সিস্টেমে সংশ্লিষ্ট কর্মচারীর নতুন কাঠামোয় নির্ধারণযোগ্য মূল বেতন দেখানোর ব্যবস্থা রয়েছে। তথ্য যাচাই করে তা সংশ্লিষ্ট ট্রেজারি ও ডিসবার্সিং অফিসারের (ডিডিও) কাছে জমা দিতে হয়। এরপর হিসাবরক্ষণ কার্যালয় প্রয়োজনীয় যাচাই সম্পন্ন করে। ফলে শুধু অনলাইনে তথ্য পূরণ করলেই প্রক্রিয়া শেষ হয় না; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও অনুমোদনও প্রয়োজন। যাঁদের বেতন আটকে আছে, করণীয় কী নতুন বেতনকাঠামো কার্যকরের পর অনেক কর্মচারীর বেতন নির্ধারণে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। পদোন্নতি, উচ্চতর গ্রেড, বদলি, আগের বেতন নির্ধারণ এবং চাকরির রেকর্ডের তথ্যের সঙ্গে iBAS++-এর তথ্যের অমিলের কারণে কারও কারও পে ফিক্সেশন সম্পন্ন হয়নি। গত ১ নভেম্বর অধিকাংশ সরকারি কর্মচারী নতুন কাঠামোয় অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত বেতনের বকেয়া পেয়েছেন। তবে যাঁদের পে ফিক্সেশন নির্ধারিত সময়ে সম্পন্ন হয়নি, তাঁদের কেউ কেউ নতুন হারে বেতন ও বকেয়া পাননি। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পে ফিক্সেশন সম্পন্ন হলে তাঁদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে। এ অবস্থায় যাঁরা এখনো নতুন কাঠামোয় বেতন পাননি, তাঁদের প্রথমে সংশ্লিষ্ট অফিসের হিসাব শাখা বা ডিডিওর সঙ্গে যোগাযোগ করে পে ফিক্সেশনের বর্তমান অবস্থা জানতে হবে। তথ্য জমা না হলে বা কোনো ভুল থাকলে তা সংশোধন করতে হবে। পদোন্নতি, উচ্চতর গ্রেড কিংবা টাইম স্কেলের কারণে জটিলতা তৈরি হলে সংশ্লিষ্ট অফিস আদেশ ও সার্ভিস বুকের তথ্য মিলিয়ে দেখতে হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ের মাধ্যমে অসংগতি নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। ভাতা ও বেতন নিয়ে পর্যালোচনা কমিটি নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার পর বিভিন্ন গ্রেডের বেতন নির্ধারণ, ভাতার হার এবং অন্যান্য সুবিধা নিয়ে কর্মচারীদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। এসব বিষয় পর্যালোচনার জন্য গত ১ নভেম্বর সরকার একটি কমিটি গঠন করেছে। বাংলাদেশ গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে স্বরাষ্ট্র, আইন, বিচার ও সংসদবিষয়ক, শিক্ষা এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা সদস্য হিসেবে রয়েছেন। জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও কমিটির সদস্য। কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে বেতন স্কেলের অসংগতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে নিষ্পত্তির সুপারিশ করা, ভবিষ্যতে বেতনগ্রেড উন্নীতকরণ বা সমন্বয়ের বিষয়ে মতামত দেওয়া এবং ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে দেওয়া কিংবা বিদ্যমান ভাতার হার বাড়ানো-কমানোর বিষয়ে সুপারিশ করা। অর্থাৎ ভাতা ও বেতনসংক্রান্ত অসংগতি পর্যালোচনার জন্য সরকারের একটি আনুষ্ঠানিক কাঠামো রয়েছে। তবে কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো পরিবর্তন হলে তা কার্যকর করতে সরকারের পরবর্তী সিদ্ধান্ত ও নির্দেশনা প্রয়োজন হবে। মূল্যস্ফীতিতে কতটা প্রভাব পড়বে নতুন বেতনকাঠামোর প্রভাব নিয়ে অর্থনীতিবিদদের মধ্যেও আলোচনা রয়েছে। সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারে ভোগব্যয় বাড়তে পারে। তবে এর ফলে স্বয়ংক্রিয়ভাবে বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী। তাঁর মতে, নতুন বেতনকাঠামোর প্রভাব মূল্যায়নে অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন। সরকারি ও বেসরকারি খাতের বেতন-আয়, উৎপাদন, বাজারে পণ্য ও সেবার সরবরাহ এবং সামগ্রিক চাহিদার মধ্যে সমন্বয় কতটা রয়েছে, তা বিশ্লেষণ করতে হবে। অর্থনীতিবিদদের আলোচনায় সাধারণত বেতন বৃদ্ধির প্রভাব নির্ভর করে অর্থের জোগান, উৎপাদন ও বাজারের সরবরাহ পরিস্থিতির ওপর। বাজারে পণ্য ও সেবার সরবরাহ না বাড়িয়ে শুধু চাহিদা বেড়ে গেলে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। অন্যদিকে উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকলে বর্ধিত আয় ভোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা পেতে কর্মচারীদের জন্য সবচেয়ে জরুরি হলো পে ফিক্সেশন সম্পন্ন করা, চাকরির তথ্য ও বেতনসংক্রান্ত নথি সঠিক রাখা এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্তৃপক্ষের যাচাই নিশ্চিত করা। তবে নতুন মূল বেতন ও ভাতার সব সুবিধা একসঙ্গে কার্যকর হচ্ছে না। মূল বেতনের শতভাগ সুবিধা মিলবে ২০২৭ সালের জুলাই থেকে, আর নতুন হারে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।