তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১। সেখানে অংশ নিয়েছিলেন নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী। নিজেদের সেই অভিজ্ঞতার কথা লিখেছেন জাহিন আবদুল্লাহ.চারপাশে নানা দেশের পতাকা। সম্মেলনকেন্দ্রের একেক প্রান্তে চলছে একেক রকম আলোচনা। কোথাও জলবায়ু অর্থায়ন, কোথাও পরিবেশ সংরক্ষণ, কোথাও আবার জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা। বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞদের ভিড়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে দাঁড়িয়ে আছি আমরা কয়েকজন তরুণ। .নিজেকে যেমন গর্বিত লাগছিল, তেমনি একটা দায়িত্ববোধও কাজ করছিল। সেখানে আমরা শুধু নিজেদের না; তুলে ধরছিলাম বাংলাদেশ ও নটর ডেম নেচার স্টাডি ক্লাবকে। তুরস্কের আন্তালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ অংশ নিয়ে জলবায়ু সংকটকে নতুনভাবে দেখা, জানা আর বোঝার সুযোগ হয়েছে।.নটর ডেম নেচার স্টাডি ক্লাব থেকে যখন সিদ্ধান্ত হয় ছয় শিক্ষার্থীকে পাঠানো হবে, তখন আনন্দের পাশাপাশি সংশয়ও ছিল। এত বড় আন্তর্জাতিক আয়োজনে আমাদের মতো তরুণদের ভূমিকা কী হবে? প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি এবং ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক বিপ্লব কুমার দেব। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আমার (জাহিন আবদুল্লাহ) সঙ্গে ছিলেন আল মুহাইমেন, অক্ষর কুমার বিশ্বাস, মাহমুদ কবির, নাফিজ সাদিক ও মেহেদী হাসান। সব আনুষ্ঠানিকতা শেষে সেখানে পৌঁছে বুঝতে পারি, এটি শুধু বিদেশ সফর নয়; বরং নটর ডেম নেচার স্টাডি ক্লাবের কার্যক্রমকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ। বিভিন্ন দেশের প্রতিনিধি ও গবেষকদের সঙ্গে যোগাযোগ এবং ক্লাবের পরিচিতি তুলে ধরার পাশাপাশি আয়োজিত প্রায় ১৫টি অধিবেশনে অংশ নিই আমরা।.সম্মেলনে আমাদের তুরস্কের শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তাঁকে বাংলাদেশ, নটর ডেম কলেজ ও নেচার স্টাডি ক্লাবের কথা বলি। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, পরিবেশমন্ত্রী ও নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ হয়েছে।সম্মেলনে দেশগুলোর মধ্যে আলোচনা কীভাবে হয়, কীভাবে দুই পক্ষ সম্মতিতে পৌঁছায়, সেটা দেখার সুযোগ হয়েছে। জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং অভিযোজন নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর আলোচনা দেখার সুযোগ হয়েছে। ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণের জন্য দায়ী দেশগুলোর জন্যই বাংলাদেশের মতো দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের বড় ক্ষতি মোকাবিলা করতে হচ্ছে। নদীভাঙন, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতির মতো সংকট আমাদের বাস্তবতা।বাংলাদেশের পরিবেশমন্ত্রীর একটি অধিবেশনেও অংশ নিয়েছিলাম। সেখানে তিনি দেশের জলবায়ু সংকটের চিত্র তুলে ধরেন। অধিবেশন শেষে তরুণদের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘তোমরাই আগামীর ভবিষ্যৎ।’.পুরুষের স্বাস্থ্য সুরক্ষায় নভেম্বর কেন মুভেম্বর, জানেন?.কপ৩১ থেকে অর্জিত অভিজ্ঞতা আমাদের ক্লাবের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আন্তর্জাতিক যোগাযোগ, পরিবেশবিষয়ক জ্ঞান এবং বৈশ্বিক জলবায়ু আলোচনার অভিজ্ঞতা দেশের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুযোগ আমাদের হয়েছে। সম্মেলনের পাশাপাশি তুরস্কের ঐতিহাসিক স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি দেখার অভিজ্ঞতাও ছিল দারুণ। .সব বাধা পেরিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পতাকা হাতে নটর ডেম নেচার স্টাডি ক্লাবের প্রতিনিধিত্ব করতে পারা আমাদের কাছে পরম প্রাপ্তি। ফিরে এসে বুঝেছি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণেরা শুধু আগামীর ভবিষ্যৎ নয়, বর্তমানেরও গুরুত্বপূর্ণ অংশীদার।.জেন আলফার যে শব্দগুলো বড়দের অজানা