ঈদুল আজহা ১৬ বা ১৭ মে হওয়ার সম্ভাবনা ২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থা। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। আর ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ এবং ঈদুল আজহা ১৬ অথবা ১৭ মে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিটি তারিখই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সেন্টারের হিসাবের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২০২৭ সালে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ৮ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হতে পারে। ২০২৬ সালে রমজান শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। অর্থাৎ আগামী বছর প্রায় ১০ দিন আগে পবিত্র মাসটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। হিজরি বর্ষপঞ্জি চাঁদের আবর্তনের ওপর নির্ভরশীল। এ বর্ষপঞ্জির বছর গ্রেগরীয় বর্ষপঞ্জির বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। এ কারণে প্রতিবছর রমজান ও অন্যান্য ইসলামি মাসের তারিখ গ্রেগরীয় বর্ষপঞ্জিতে সাধারণত ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। সন্ধ্যায় ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন এবং ভোরের আগে সেহরি গ্রহণ করেন। এ মাসে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও আত্মশুদ্ধির পাশাপাশি পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কবে ঈদুল ফিতর? জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ হতে পারে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে ঈদের চূড়ান্ত তারিখ। ৮ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলে ২৯ রোজা শেষে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। ওই দিন চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ১০ মার্চ বুধবার ঈদ উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কবে ঈদুল আজহা? ২০২৭ সালের ঈদুল আজহা ১৬ অথবা ১৭ মে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরাফাত দিবস পালিত হতে পারে ১৫ অথবা ১৬ মে। জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে এ তারিখগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত দিবস এবং পরদিন ১০ জিলহজ ঈদুল আজহা পালিত হয়। এ উৎসবকে কেন্দ্র করে মুসলমানরা পশু কোরবানি করেন এবং সেই মাংস আত্মীয়স্বজন ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন। তবে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বাংলাদেশের জন্য চূড়ান্ত নয়। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ভিত্তিতে রমজান ও দুই ঈদের তারিখ নির্ধারিত হবে। ফলে দেশভেদে এক দিন পার্থক্য হতে পারে।