প্রকাশ :: ... | ... | ...

জন্মদিনের আগে রুনা লায়লাকে সোনার গিটার উপহার


সংযুক্ত ছবি

চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠানে উপহার দিলেন ফরিদুর রেজা সাগর জন্মদিনের আগে সোনার গিটার উপহার পেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। রোববার চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘টাইমজোন-রুনা মহল’-এ তাঁকে এই উপহার দেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। মঙ্গলবার তাঁর ৭৪তম জন্মবার্ষিকী। উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, “জন্মদিনে এমন আয়োজন এবং অনন্য উপহার আমার জন্য ভালোবাসা ও সম্মানের। এই মুহূর্তটি আজীবন মনে থাকবে।” চ্যানেল আইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় ‘রুনা মহল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর। মঙ্গলবার রাত সোয়া ১০টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। ছয় দশকের বেশি সময়ের সংগীতজীবনে বাংলা, উর্দু, হিন্দি ও পাঞ্জাবিসহ ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন রুনা লায়লা। উপমহাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। কিশোরী বয়সেই চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন তিনি। উর্দু গানের বড় শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও হয় তাঁর। ১৯৬৫ সালে ‘জুগনু’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক ক্যারিয়ারের সূচনা। বাংলা চলচ্চিত্রে প্রথম গান করেন সুবল দাসের সুরে ‘স্বরলিপি’ সিনেমায়। সংগীতজীবনের শুরুর পাঁচ বছরের মধ্যেই তাঁর প্রায় এক হাজার গান রেকর্ড হয়। ১৯৭৪ সালে বাংলাদেশে আসেন রুনা লায়লা। এর আগে ভারতে একাধিক কনসার্টে গান পরিবেশন করে সেখানকার শ্রোতাদের কাছেও পরিচিতি পান। বিশেষ করে ‘দমাদম মাস্ত কলন্দর’ গানটি তাঁকে ভারতে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। ভারতের দুই কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের সঙ্গেও তাঁর সখ্য ছিল। সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নারী কণ্ঠশিল্পীর সম্মাননা পেয়েছেন রুনা লায়লা। বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। এ ছাড়া ভারতে সায়গল পুরস্কার ও ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পেয়েছেন। পাকিস্তান থেকে পেয়েছেন নিগার, ক্রিটিক্স ও গ্র্যাজুয়েটস পুরস্কার। সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে তাঁকে। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এই শিল্পী।