কিয়ারার ছবি পোস্ট করে ‘নেক্সট’ লিখেছিলেন আরশাদ আদনান; সেই সূত্রে বলিউড অভিনেত্রীর ‘মহব্বত’-এ অভিনয়ের গুঞ্জন ছড়ায় শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনয় করছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়ালেও সিনেমাটিতে তাঁর থাকার সম্ভাবনা নেই। হিমেল আশরাফ পরিচালিত ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। তবে প্রযোজক আরশাদ আদনানের ইঙ্গিত, কিয়ারাকে নিয়ে ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো প্রকল্পের পরিকল্পনা থাকতে পারে। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে শুধু ‘নেক্সট’ লেখেন ‘মহব্বত’-এর প্রযোজক আরশাদ আদনান। তাঁর এই এক শব্দের পোস্ট ঘিরেই শুরু হয় আলোচনা। অনেকেই ধারণা করেন, শাকিবের নতুন সিনেমায় দেখা যেতে পারে বলিউডের এই অভিনেত্রীকে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া সূত্রে জানা গেছে, ‘মহব্বত’-এর নায়িকা হিসেবে কিনজা হাশমিকে আগেই চূড়ান্ত করা হয়েছে। ফলে এই সিনেমায় কিয়ারা আদভানির যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই। বিষয়টি নিয়ে প্রযোজক আরশাদ আদনানও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর ভাষ্য, ‘মহব্বত’-এর নায়িকা আগে থেকেই চূড়ান্ত। এই সিনেমায় কিয়ারা থাকছেন না। তবে ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো প্রকল্পে তাঁকে যুক্ত করার বিষয়ে প্রাথমিক পর্যায়ে ভাবনা রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার প্রযোজক আরশাদ আদনানের ওই পোস্ট তাই ‘মহব্বত’-এর কাস্টিংয়ের চেয়ে তাঁর পরবর্তী কোনো প্রকল্পের সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিয়ারার সঙ্গে কোনো চুক্তি বা চূড়ান্ত আলোচনা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখছেন রাশেদুজ্জামান রাকিব। আগামী ঈদুল আজহায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।