রংপুর নগরীতে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড় এলাকায় কোচিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। কারা, কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি। এদিকে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের একমাত্র বাহনটি পুড়ে যাওয়ায় কোচিং সেন্টারের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরীর শান্তিপূর্ণ পরিবেশে এমন অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম বলেন, গত ২২ বছর ধরে রংপুর শহরে শিক্ষকতা করছেন তিনি। কারও ক্ষতি না করে মানুষের সেবা করেই দীর্ঘ সময় কাটিয়েছেন। অথচ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য প্রায় ৩০ লাখ টাকা দিয়ে কেনা একমাত্র পরিবহনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, ২৮ আসনের বাসটিতে কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা করা হতো। বাসটি পুড়ে যাওয়ায় শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের পরিবহন শেষে প্রতিদিনের মতো বাসটি কোচিং সেন্টারের সামনে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন বড় ধরনের ধাক্কা খেয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল ওয়াদুদ আলম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের অন্যান্য এলাকার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।