নদীমাতৃক দেশ বাংলাদেশ। অথচ উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহারে দেশের উত্তরাঞ্চলের নদ-নদীগুলোতে পানিপ্রবাহ কমে যাচ্ছে। রংপুর বিভাগের আট জেলার ৪৫টি নদ-নদীর নাব্যতা ক্রমাগত হ্রাস পাচ্ছে। নাব্যতা কমে যাওয়ায় ব্রহ্মপুত্র, ছোট যমুনা, ইছামতী, তেপা, করতোয়া, মহানন্দা, তিস্তা, যমুনেশ্বরী, ঘাঘট, দুধকুমার, ধরলাসহ বিভিন্ন নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। পানির অভাবে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ছয় শতাধিক নৌকাঘাট। এর বিরূপ প্রভাব পড়েছে নদীনির্ভর বিশাল জনগোষ্ঠীর জীবন-জীবিকার ওপর। নদ-নদীর ওপর নির্ভরশীল শত শত জেলে ও মাঝি কর্মহীন হয়ে পড়েছেন। জীবিকার তাগিদে তাঁরা পেশা বদলাতে বাধ্য হচ্ছেন। কেউ ছুটছেন শহরে, কেউ রিকশা-ভ্যান চালিয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন। অনেকে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। নৌপথ বন্ধ থাকায় যাতায়াতে তীব্র ভোগান্তিতে পড়েছেন চরাঞ্চলের মানুষ। পণ্য পরিবহনেও বেড়েছে খরচ। বিশেষজ্ঞরা বলছেন, উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহার, নদীতে পলি জমা ও ড্রেজিং না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দ্রুত উদ্যোগ না নিলে নদ-নদীগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়বে। রংপুর বিভাগের আট জেলায় সরকারি ও স্থানীয় বিভিন্ন তালিকায় তিন শতাধিক নদ-নদীর তথ্য পাওয়া যায়। এর মধ্যে রংপুরে ৪৩টি, লালমনিরহাটে ২৫টি এবং কুড়িগ্রামে অর্ধশতাধিক নদ-নদীর উল্লেখ রয়েছে। তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী, করতোয়া, আত্রাই ও ইছামতীর পাশাপাশি রয়েছে অসংখ্য ছোট নদী ও শাখানদী। তবে তালিকায় নাম থাকলেও বাস্তবে অনেক নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা কমে গেছে। শুষ্ক মৌসুমে নদীর বুক জেগে ওঠার পর কোথাও কোথাও সেই জমি দখল করে চাষাবাদ কিংবা স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। এতে বর্ষাকালে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছের প্রজননক্ষেত্র, জীববৈচিত্র্য ও নদীনির্ভর কৃষি। লালমনিরহাটের সতী নদীর বিভিন্ন অংশও সংকুচিত হয়ে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। নদীর জায়গায় স্থাপনা নির্মাণ, পুকুর খনন ও কচুরিপানার আধিক্যে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার গিরাই নদী নিয়েও রয়েছে দখলের অভিযোগ। রংপুর অঞ্চলের প্রধান নদী তিস্তা। এ নদীর সঙ্গে উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও জনজীবনের দীর্ঘ সম্পর্ক রয়েছে। ঘাঘট, যমুনেশ্বরী ও করতোয়াসহ বিভিন্ন নদীরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু নাব্যতা কমে যাওয়ায় অনেক স্থানে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। প্রতি বছর নভেম্বর এলে নদ-নদীর বুকে চর দেখা যায়। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে চর জেগে ওঠে। ব্রহ্মপুত্র নদের বুকে চর জেগে ওঠায় রৌমারী-রমনা রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। পানি না থাকায় তিস্তায় গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে মওলানা ভাসানী সেতুটি এখন চরের ওপর দাঁড়িয়ে আছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। এপ্রিল-মে মাসে বৃষ্টি হলে নদ-নদীগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পায়। রংপুরের গঙ্গাচড়া উপজেলার সাতটি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠীর জীবন-জীবিকা তিস্তা নদীর ওপর নির্ভরশীল। তীরবর্তী এলাকায় তিস্তার বুকে জেগে উঠেছে চর। লক্ষ্মীটারী ইউনিয়নের শামছুল আলমসহ কয়েকজন বলেন, আগে মাঝিরা নৌকা চালিয়ে এবং জেলেরা মাছ ধরে সংসার চালাতেন। এখন তাঁরা নিরুপায়। নদীতে মাছ নেই, নৌকাও চালানো যাচ্ছে না। খেয়াঘাট বন্ধ। অনেকে রিকশা-ভ্যান চালাচ্ছেন। কুড়িগ্রাম জেলা পরিষদ সূত্রে জানা যায়, লালমনিরহাট ও কুড়িগ্রামের ধরলা, তিস্তা, সতী, রত্নাই, স্বর্ণামতী, বটেশ্বরী, সিঙ্গীমারী, বুড়ি তিস্তা, মালদাহ ও গিদারীসহ ২৫টি নদ-নদীতে প্রায় ২০০টি ঘাট রয়েছে। প্রতিবছর এসব ঘাট ইজারা দেওয়া হয়। এখান থেকে পাওয়া রাজস্ব স্থানীয় উন্নয়নকাজে ব্যবহার করা হয়। প্রতিটি ঘাটে ছয় থেকে ১৫ জন মাঝি থাকেন। এখন নদীতে পানি না থাকায় ঘাটগুলোর গুরুত্ব কমে গেছে। হাতে গোনা কয়েকটি ঘাট চালু আছে। বাকিগুলো বন্ধ থাকায় মাঝিরা কর্মহীন হয়ে পড়েছেন। রাজারহাটের কাঁঠালবাড়ীর ধরলা নদীর কাউয়াহাগা ঘাটের মাঝি শমসের আলী ও আলী আকবর রহমান বলেন, নদীতে চর জেগে ওঠায় নৌকা চালাতে অনেক পথ ঘুরতে হচ্ছে। এতে সময় বেশি লাগছে। ফলে ঘাটে লোকজন আসেন না। তাঁদের আয়ও কমে গেছে। উলিপুর উপজেলার হাতিয়া দাসপাড়া গ্রামের জেলে হরির চন্দ্র মাঝি বলেন, নদী এখন মরে গেছে। মাছও পাওয়া যায় না। তাঁরা খুব কষ্টে আছেন। দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ইছামতী ও টাঙ্গন এবং ঠাকুরগাঁওয়ের শুক, কলিগ ও নাগর নদীতে চর জেগে উঠছে। পঞ্চগড়ের করতোয়া ও মহানন্দা নদীর নাব্যতা কমে গেছে। দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে তিন শতাধিক ঘাট বন্ধ হয়ে গেছে। এ কারণে শত শত মাঝি পরিবার এবং চার হাজার জেলে পরিবার সংকটে পড়েছে। কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বলেন, কয়েক বছর ধরে জেলেরা কাজের সংকটে ভুগছেন। পলি জমে শুষ্ক মৌসুমে নদ-নদীতে পানি থাকে না। জেলেরা ছোটবেলা থেকেই জাল দিয়ে মাছ ধরতে অভ্যস্ত। পেশা বদল করেও তাঁরা ঠিকমতো সংসার চালাতে পারছেন না। পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. সরফরাজ বান্দা বলেন, নদ-নদীগুলো নিয়ে সরকারের বড় পরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। তিস্তা নদীর পানি ভারত একতরফাভাবে প্রত্যাহার করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্য নদ-নদীর অবস্থাও নাজুক। ড্রেজিংয়ের মাধ্যমে চর থেকে পলি অপসারণ করে নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য পরিকল্পনা প্রণয়ন, জরিপ ও তথ্য-উপাত্ত সংগ্রহ চলছে। রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং নদী গবেষক ড. তুহিন ওয়াদুদ বলেন, এসব নদ-নদীর উৎস ভারতে। কূটনৈতিক উদ্যোগ নিয়ে ভারতের কাছ থেকে পানির হিস্যা বুঝে নিতে না পারলে নদ-নদীগুলো বাঁচানো যাবে না। ভারত থেকে যে পরিমাণ পানি বাংলাদেশে আসে, এর ৭০ শতাংশ রংপুর বিভাগের নদ-নদীগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়। বর্তমানে এসব নদ-নদীর অবস্থা খুবই করুণ। শতাধিক নদ-নদী বিলুপ্তির পথে। নদীগুলো হারিয়ে গেলে কৃষি, অর্থনীতি ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। এ অঞ্চলের মানুষ চরম সংকটে পড়বে। নদ-নদীগুলো বাঁচাতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। নদ-নদী রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রংপুর বিভাগের মানুষ।