রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতির আগের কমিটি বিলুপ্ত ঘোষণা না করেই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ কর্মচারীদের মধ্যে চরম বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব মো. আবদুল গাফফার স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ছিলেন মো. গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি মো. কালাম হোসেন সেলিম, সহসভাপতি মো. গোলাম আজম বাবুলসহ ২৩ সদস্যের একটি কমিটি। সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন, ওই কমিটি বর্তমানে বহাল রয়েছে। অন্যদিকে, গত ৮ নভেম্বর কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব মো. আবদুল গাফফার স্বাক্ষরিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতির (ইউনিট শাখা) নামে নতুন আরেকটি কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. মামুনুর রশিদ (বিপ্লব) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মেহেবুবুল ইসলাম আউয়ালের নাম রয়েছে। সাধারণ কর্মচারীদের প্রশ্ন, আগের কমিটি যদি বিলুপ্ত না হয়ে থাকে, তাহলে একই শাখায় দুটি কমিটি কীভাবে হয়? কোন কমিটি বৈধ এবং কোন কমিটির নির্দেশনা তাঁরা অনুসরণ করবেন? ভুক্তভোগী কর্মচারীরা বলেন, একটি কমিটি বহাল থাকা অবস্থায় আরেকটি কমিটি ঘোষণা করা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী। এতে সংগঠনে বিভাজন তৈরি হচ্ছে এবং কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁরা দ্রুত এ সমস্যার সুষ্ঠু সমাধানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন। আগের কমিটি বিলুপ্ত না করে নতুন কমিটি ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।