প্রকাশ :: ... | ... | ...

রায়গঞ্জে শিশু অধিকার ও সুরক্ষার বার্তা নিয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন, অংশ নিল ১২০ শিক্ষার্থী


সংযুক্ত ছবি

শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ঘুড়কা এলাকায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেন। সহকারী প্রোগ্রাম অফিসার রিয়াদুন জান্নাত রিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের যথাযথ বিকাশ, শিক্ষা, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ এবং সব ধরনের বৈষম্য প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আনন্দময় ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সুরক্ষা ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।