প্রকাশ :: ... | ... | ...

হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ আ.লীগের চার নেতা


সংযুক্ত ছবি

ইমিগ্রেশন সেন্টারে প্রায় দুই ঘণ্টা অবস্থান, কী আলোচনা হয়েছে জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা। তাঁদের মধ্যে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তাঁদের সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। রোববার (২২ নভেম্বর) দুপুরে তাঁরা পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলকাতার নিউ টাউন এলাকা থেকে রওনা হয়ে তাঁরা পেট্রাপোলে পৌঁছান। একটি সাদা গাড়িতে করে ইমিগ্রেশন সেন্টারে প্রবেশ করেন নেতারা। সেখানে কী উদ্দেশ্যে তাঁরা গিয়েছিলেন বা কী আলোচনা হয়েছে, সে বিষয়ে ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানা কোনো মন্তব্য করেনি। ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় মানুষের প্রবেশের পথ ব্যবহার না করে ইমিগ্রেশন সেন্টারে যাওয়া-আসার জন্য ভিন্ন পথ ব্যবহার করেন আওয়ামী লীগের নেতারা। তাঁদের অবস্থানের সময় সেখানে নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক কর্মীরা উপস্থিত ছিলেন। এই সফর এমন এক সময়ে হলো, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে আলোচনা চলছে। আওয়ামী লীগের কয়েকজন নেতার দাবি, ডিসেম্বরের মাঝামাঝি দেশে ফেরার একটি চেষ্টা শুরু হতে পারে। শুধু শেখ হাসিনা নন, দলের আরও কয়েকজন নেতা তাঁর সঙ্গে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলেও তাঁরা দাবি করেছেন। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা বা নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। গত জুলাইয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরের দিকে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ, পথ কিংবা প্রক্রিয়া তখনও চূড়ান্ত হয়নি। পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের সময় সেখানে পৃথক একটি মিছিল ও সমাবেশও হয়। হিন্দু সুরক্ষা সমিতি নামে একটি সংগঠন ওই কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন বিজেপির বনগাঁ উত্তর ও দক্ষিণ এলাকার কয়েকজন নেতা। তাঁদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া ও বিধায়ক স্বপন মজুমদার। সমাবেশ থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তোলা হয়। পরে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক স্বপন মজুমদার বলেন, কলকাতা থেকে যশোর রোড ধরে বনগাঁ ও পেট্রাপোল হয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি এবং একই সময়ে বিজেপি নেতাদের কর্মসূচি ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে। তবে ইমিগ্রেশন সেন্টারে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের সঙ্গে সমাবেশের কোনো যোগসূত্র ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে পেট্রাপোলকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ হিসেবে বিবেচনা করা হচ্ছে কি না, তা-ও ভারতীয় কর্তৃপক্ষ বা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মধ্যে পেট্রাপোলের এই সফর নতুন করে নজর কেড়েছে। তবে সীমান্ত পরিদর্শন বা ইমিগ্রেশন সেন্টারে বৈঠকই দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতির প্রমাণ নয়। তাঁর প্রত্যাবর্তন বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করবে দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি, আইনি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। সূত্র : প্রথম আলো