লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে ভারতীয় ৮ বোতল হ্যাপি গোল্ড মদ ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৯ হাজার টাকা।
সোমবার (১৬ নভেম্বর) ১৫ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে ১৫ নভেম্বর রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট ও গোড়কমন্ডল বিওপির আওতাধীন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে রাত ৮টা ৩৫ মিনিটে বালারহাট বিওপির দায়িত্বপূর্ণ চওড়াটারী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৮ বোতল হ্যাপি গোল্ড মদ এবং রাত ১২টা ৫০ মিনিটে গোড়কমন্ডল আবাসন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা জব্দ করে বিজিবির টহলদল।
১৫ বিজিবি আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শু/আজা