লালমনিরহাটের হাতীবান্ধা থেকে অপহৃত ১৪ বছর বয়সী এক কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি মো. আব্দুল আলিম (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলিম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের হোসেন আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী হাতীবান্ধা উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ নভেম্বর রাত ৮টার দিকে বাড়ি থেকে মন্দিরে পূজা-অর্চনা করতে যাওয়ার সময় আব্দুল আলিম তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে করে তাকে অপহরণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পরে এসআরবি-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর রংপুর ক্যাম্প ও এসআরবি-১১-এর নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া কিশোরীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।