ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ঐতিহাসিক সোমপুর মহাবিহার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা।
পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান মো. ফজলুল করিম আরজু অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বিহারের প্রাচীন ধ্বংসাবশেষ, কেন্দ্রীয় মন্দির, ভিক্ষুদের কক্ষ ও সংলগ্ন জাদুঘর ঘুরে দেখেন। এ সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ ছাড়া বিহার এলাকার নিরাপত্তা ও পর্যটন সুবিধার উন্নয়ন নিয়েও স্থানীয় প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
উল্লেখ্য, পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অষ্টম শতাব্দীর শেষভাগে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত এ মহাবিহার একসময় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। প্রায় ২৭ একর এলাকাজুড়ে বিস্তৃত এ স্থাপনায় রয়েছে ১৭৭টি ভিক্ষুকক্ষ ও একটি কেন্দ্রীয় মন্দির। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।
বিভাগীয় কমিশনারের এ পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে পাহাড়পুরের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ এবং পর্যটন সম্ভাবনা বিকাশে সরকারি উদ্যোগ আরও জোরদার হবে।