স্কুলে এআই শেখাব, নাকি এআইকে প্রশ্ন করতে শেখাব?

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

২০২৭ সাল থেকে বাংলাদেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের এআই শেখানোর পরিকল্পনা করেছে সরকার। উদ্যোগটি ভালো। কিন্তু কী শেখাব আমরা? চ্যাটজিপিটি চালানো? নাকি এমন কিছু, যা শিখলে আজকের এআই বুঝতে পারবে, ভুল ধরতে পারবে, আগামী দিনের নতুন প্রযুক্তিও তৈরি করতে পারবে?

কয়েক বছর আগে সবাইকে কোডিং শেখানোর পরিকল্পনা নিয়ে প্রথম আলোতে একটি লেখা লিখেছিলাম। শিরোনাম ছিল ‘কোডিং শিখে করাত চালাব, না কাঠমিস্ত্রি হব?’ কথাটি আজও প্রাসঙ্গিক। শুধু করাত চালাতে জানলেই যেমন কাঠমিস্ত্রি হওয়া যায় না, তেমনি এআইয়ের নানা সফটওয়্যার ব্যবহার জানলেই এআই বোঝা যায় না। সফটওয়্যার বদলাবে। কিন্তু গণিত, যুক্তি, পরিসংখ্যান আর প্রশ্ন করার অভ্যাস থেকে যাবে।

এগুলো শেখানোর জন্য কি প্রতিটি স্কুলে দামি কম্পিউটার লাগবে? আমার মনে হয় না। কয়েকটি উদাহরণ দিই।

ষষ্ঠ শ্রেণির কথাই ধরুন। বাংলাদেশে গরমকাল মানেই আম। ল্যাংড়া, হিমসাগর, ফজলি, গোপালভোগ—কত জাতের আম! কোনোটি লম্বা, কোনোটি গোল। রং আর গড়নেও পার্থক্য আছে। অভিজ্ঞ মানুষ অনেক সময় দেখেই আমের জাত বলে দিতে পারেন। কিন্তু কীভাবে?

.এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলক.এআই এআই ডাক পাড়ি, মোদের এআই কার বাড়ি.

শিক্ষক কয়েক জাতের আমের ছবি দিলেন। শিক্ষার্থীদের কাজ, কোন আমের কী বৈশিষ্ট্য তা কাগজে লেখা। কোন বৈশিষ্ট্য সবার মধ্যে আছে? কোনটি দেখে একটি জাতকে অন্যটি থেকে আলাদা করা যায়? এবার নতুন একটি আমের ছবি দেওয়া হলো। আগের নিয়ম মেনে তার জাত চিনতে হবে।

ভুল হতেই পারে। শুধু রং দেখে জাত ধরলে অনেক সময় মিলবে না। তখন বোঝা যাবে, ঠিক বৈশিষ্ট্য বেছে নেওয়া কত জরুরি। কম্পিউটারও অনেকটা এভাবেই ধরন চিনতে শেখে। একে বলে প্যাটার্ন রিকগনিশন। আর যদি কম্পিউটারকে অনেক আমের ছবি দেখিয়ে দেওয়া হয়? সে নিজেই ছবির ভেতর থেকে দরকারি বৈশিষ্ট্য শিখতে পারে। এটাই ডিপ লার্নিংয়ের একটি মূল ধারণা। কোনো কম্পিউটার ছাড়াই শিশুরা বিষয়টি বুঝতে শুরু করল।

এবার সপ্তম শ্রেণি। ধরুন, সরকার বন্যা বা ঘূর্ণিঝড়ের খবর মানুষকে কীভাবে জানাবে, তা ঠিক করতে চায়। শিক্ষার্থীরা দশজন বন্ধুকে জিজ্ঞেস করল। আটজন বলল, মোবাইল অ্যাপ সবচেয়ে ভালো।

কিন্তু উপকূলের জেলেদের কথা কে শুনল? চরের মানুষ? যাঁদের স্মার্টফোন নেই, তাঁদের কী হবে? ঝড়ে ইন্টারনেট বন্ধ হয়ে গেলে?

.
এআই শিক্ষা শুনলেই হয়তো শুরু হবে কেনাকাটার তালিকা। কত কম্পিউটার, কত রোবট, কত এআর-ভিআর যন্ত্র, কত সফটওয়্যারের সাবস্ক্রিপশন? তারপর কোটি টাকার প্রকল্প। শিক্ষক প্রশিক্ষণ অবশ্যই দরকার। বাস্তবে এআই ব্যবহারের সুযোগও দিতে হবে। কিন্তু শুরুটা কেন যন্ত্র কেনা দিয়ে হবে?
.

শিক্ষক প্রশ্ন করবেন, দশজন বন্ধুর মতামত কি পুরো বাংলাদেশের মতামত? শিক্ষার্থীরা বুঝবে, শুধু তথ্য জোগাড় করলেই হয় না। কার কাছ থেকে তথ্য নিচ্ছি, সেটাও দেখতে হয়। না হলে সিদ্ধান্তে পক্ষপাত ঢুকে যেতে পারে। এআইকে এমন তথ্য দিয়ে শেখালেও একই সমস্যা হতে পারে। আর দুর্যোগের সময় এমন ভুল মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে।

অষ্টম শ্রেণিতে আরেকটি ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন পরিচিত চিকিৎসকের ভিডিও ছড়িয়ে পড়েছে। তিনি নাকি বলছেন, ডেঙ্গু হলে চিকিৎসকের কাছে যাওয়ার দরকার নেই। তাঁর মুখ দেখা যাচ্ছে, কণ্ঠও শোনা যাচ্ছে। অনেকেই ভিডিওটি শেয়ার করছেন। তাহলে কথাটি কি সত্যি?

শিক্ষক ভিডিওর দাবি ও কয়েকটি খবরের কাগজের প্রতিবেদন ছাপিয়ে দিলেন। শিক্ষার্থীরা খুঁজবে, ভিডিওটি প্রথম কোথায় এসেছে? চিকিৎসক সত্যিই কথাটি বলেছেন? ভিডিওর কোনো অংশ কেটে দেওয়া হয়েছে? নাকি এআই দিয়ে তাঁর মতো মুখ আর কণ্ঠ বানানো হয়েছে?

.এআই যেভাবে ডিজিটাল সেবায় বৈষম্য ও ভোগান্তি ঘুচাতে পারে.এআই সাক্ষরতা: পাঞ্জাবের দৃষ্টান্ত থেকে বাংলাদেশ যা শিখতে পারে.

এমন নকল ভিডিওকে বলা হয় ডিপফেক। তবে সব মিথ্যা ভিডিও ডিপফেক নয়। সত্যি ভিডিওও ভুল প্রসঙ্গে ছড়ানো যায়। তাই শুধু চোখে দেখে সিদ্ধান্ত নয়। আগে উৎস আর প্রমাণ দেখতে হবে। ভুল খবর ছড়ালে কেউ হয়তো চিকিৎসা নিতে দেরি করবে। তখন একটি শেয়ারের মূল্যও অনেক বড়।

নবম-দশম শ্রেণিতে আসি। একটি হাসপাতালে ১০০ জন রোগী এলেন। তাঁদের ১০ জনের নিউমোনিয়া আছে। বাকি ৯০ জনের নেই। একটি এআই সবাইকে বলল, ‘আপনার নিউমোনিয়া নেই।’ হিসাব করলে দেখা যাবে, ১০০ জনের ৯০ জনের ক্ষেত্রেই তার কথা ঠিক। অর্থাৎ নির্ভুলতা ৯০ শতাংশ।

ভালো ফল, তাই না? কিন্তু অসুস্থ দশজনের একজনকেও তো সে ধরতে পারল না!
এবার আরেকটি এআই। সেটিও ৯০ শতাংশ সঠিক। তবে অসুস্থ দশজনের আটজনকে ঠিক চিনেছে। ভুল করে আটজন সুস্থ মানুষকে অসুস্থও বলেছে। কোন এআইটি ভালো? রোগ থাকা সত্ত্বেও ‘নেই’ বলা বেশি বিপজ্জনক, নাকি রোগ না থাকলেও ‘আছে’ বলা? সব রোগের ক্ষেত্রে কি উত্তর একই হবে?

.

শিক্ষার্থীরা অঙ্ক কষে বুঝবে, শুধু একটি শতাংশ দেখে এআই বিচার করা যায় না। কী ভুল হচ্ছে, কার ক্ষতি হচ্ছে, সেটাও জানতে হয়। আরও প্রশ্ন উঠবে। যুক্তরাষ্ট্রের রোগীদের তথ্য দিয়ে শেখানো এআই বাংলাদেশের রোগীদের ক্ষেত্রে একইভাবে কাজ করবে কেন? এখানেই তথ্যের পার্থক্য, ভুলের ঝুঁকি আর ন্যায্যতার পাঠ।

একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থীরা নিজেরাই ছোট গবেষণা করতে পারে। ধরুন, ফোনে কথা শুনে সাহায্য পাঠাবে এমন একটি এআই তৈরি হলো। সেটি কি সিলেট, চট্টগ্রাম, রংপুর আর ঢাকার মানুষের কথা সমান ভালো বুঝবে?

প্রতিটি অঞ্চল থেকে পাঁচজন করে মানুষের সম্মতি নিয়ে নির্ধারিত কয়েকটি বাক্য রেকর্ড করা হলো। এআই স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা বাক্যগুলো বাংলায় লিখে দিল। এবার নির্ধারিত বাক্যগুলোর সঙ্গে এআইয়ের শনাক্ত করা বাক্যগুলোর মিল-অমিল দেখে ভুল গোনা হবে। এক অঞ্চলে প্রতি ১০০ শব্দে পাঁচটি ভুল হলো, অন্য অঞ্চলে ২৫টি। কেন এমন হলো?

.এআই সাম্রাজ্য: এক নতুন বিশ্বব্যবস্থার উত্থান ও পতন.যুক্তরাষ্ট্র-চীনের এআই যুদ্ধ কতটা ভয়ংকর হতে যাচ্ছে.

কোনো অঞ্চলের উচ্চারণ কি এআই কম শুনেছে? নাকি রেকর্ডিংয়ে শব্দ বেশি ছিল? আর মাত্র ২০ জনের ফল দেখে কি গোটা দেশের সিদ্ধান্ত নেওয়া যায়? এভাবেই শিক্ষার্থীরা গবেষণার প্রশ্ন করা, পরীক্ষা সাজানো, ফল মাপা আর নিজের গবেষণার দুর্বলতা বোঝা শিখবে। চাইলে শিক্ষক আগেই রেকর্ড করা অডিওর লিখিত ফল দিয়েও কাজটি করাতে পারেন।

এই পাঠগুলোতে পরীক্ষাও একটু অন্য রকম হবে। কে কত সংজ্ঞা মুখস্থ করল, তা নয়। কে ভুল ধরতে পারল? কে নিজের যুক্তি বোঝাতে পারল? নতুন তথ্য পেলে কে সিদ্ধান্ত বদলাতে পারল?

এআই শিক্ষা শুনলেই হয়তো শুরু হবে কেনাকাটার তালিকা। কত কম্পিউটার, কত রোবট, কত এআর-ভিআর যন্ত্র, কত সফটওয়্যারের সাবস্ক্রিপশন? তারপর কোটি টাকার প্রকল্প। শিক্ষক প্রশিক্ষণ অবশ্যই দরকার। বাস্তবে এআই ব্যবহারের সুযোগও দিতে হবে। কিন্তু শুরুটা কেন যন্ত্র কেনা দিয়ে হবে?

.

আমরা চাইলে বিদ্যমান গণিত, বিজ্ঞান আর সমাজবিজ্ঞানের ক্লাসেই এসব অনুশীলন যোগ করতে পারি। দরকার শিক্ষকের জন্য সহজ নির্দেশনা। আর দরকার এমন প্রশ্ন, যা শিক্ষার্থীদের ভাবায়।
আজ চ্যাটজিপিটি আছে। কাল আরও নতুন কিছু আসবে। প্রতিবার নতুন প্রযুক্তি এলেই কি আবার নতুন করে পাঠ্যবই লিখব? নাকি এমন প্রজন্ম তৈরি করব, যারা প্রযুক্তি চালানোর পাশাপাশি তাকে প্রশ্নও করতে পারবে?
সেই শুরুটা হতে পারে একটি শ্রেণিকক্ষ, কয়েকটি আমের ছবি আর কাগজ-কলম দিয়ে।

  • এহসান হক অধ্যাপক, কম্পিউটারবিজ্ঞান, ইউনিভার্সিটি অব রচেস্টার, যুক্তরাষ্ট্র।

১

কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক

২

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক

৩

বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী

৪

রাজশাহীর বিভাগীয় কমিশনারের ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন

৫

রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি

৬

সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

৮

যশোরে মারধর করে পুলিশে দেওয়া সাংবাদিক সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

৯

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচারের দাবি জানাল এনসিপি

১০

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

১১

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১২

‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম

১৩

মেধা ও চিন্তাশক্তি বাড়াতে নবীজির নির্দেশিত ৬ আমল

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কোনো শর্ত ছিল না : মাহদী আমিন

১৫

স্কুলে এআই শেখাব, নাকি এআইকে প্রশ্ন করতে শেখাব?

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }