জরিমানা মওকুফ ও সাক্ষাৎকার শেষ করেও অপেক্ষা

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

বায়োমেট্রিক জটিলতা ও ফ্লাইটে আসনসংকটে দেশে ফিরতে পারছেন না প্রতারণা ও মানব পাচারের শিকার অনেক কর্মী

চাকরির আশায় কম্বোডিয়ায় গিয়ে প্রতারণা ও মানব পাচারের শিকার হওয়া দেড় শতাধিক বাংলাদেশি দেশে ফিরতে পারছেন না। ভিসার মেয়াদ শেষ হওয়া, জরিমানা মওকুফ এবং দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সাক্ষাৎকারের মতো আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও বায়োমেট্রিক জটিলতা ও উড়োজাহাজের আসনসংকটে তাঁদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। অর্থসংকটে অনেকের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে।

কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস না থাকায় থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাঁদের ফেরানোর প্রক্রিয়া চলছে। ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস জানিয়েছেন, দূতাবাস প্রতিদিন বিষয়টি তদারকি করছে। তবে বাণিজ্যিক ফ্লাইটে আসন না পাওয়ায় দেশে ফেরাতে বিলম্ব হচ্ছে।

কম্বোডিয়ার রাজধানী নম পেন থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে একটি ভাড়া বাসায় একসঙ্গে থাকছেন ফেনীর মিজানুর রহমান, রাজবাড়ীর মো. রাকিবুল ইসলাম রাকিব ও লক্ষ্মীপুরের তানভীর হোসেন। তাঁদের ভাষ্য, দীর্ঘদিন ধরে কাজ না থাকায় খাবার ও বাসাভাড়া জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।

ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা মিজানুর রহমান বলেন, চার মাস ধরে তাঁরা চরম খাদ্যসংকটে রয়েছেন। পরিবারের কাছ থেকে টাকা পেলে খাবার কেনেন। কিন্তু কত দিন আর পরিবারের কাছ থেকে টাকা চাইবেন, তা নিয়েও দুশ্চিন্তায় আছেন তাঁরা।

কান্নাজড়িত কণ্ঠে মিজানুর বলেন, ‘খাওয়া-দাওয়ায় যথেষ্ট কষ্ট করতেছি, এক বেলা কোনোমতে খাইতেছি। ... এই কোনোমতে খালি বাঁচি রইছি, ডেইলি এক বেলা খাই, ভাত চারটা সিদ্ধ করে খাই, এছাড়া আর কোনো উপায় নাই।’

রাজবাড়ীর কাউরিয়া গ্রামের রাকিবুল ইসলাম গত বছরের ২৭ এপ্রিল সাড়ে চার লাখ টাকা খরচ করে কম্বোডিয়ায় যান। সেখানে নির্মাণ ও বৈদ্যুতিক শ্রমিক হিসেবে কাজ করলেও নিয়মিত কাজ পেতেন না। কখনো এক মাস কাজ থাকত, পরের দুই মাস কাজ মিলত না। এখন বাড়ি থেকে টাকা এনে বাসাভাড়া ও খাবারের খরচ চালাতে হচ্ছে তাঁকে। তাঁর ভাষ্য, শুধু ঘরভাড়াই মাসে ১২০ ডলার।

লক্ষ্মীপুরের রামগঞ্জের মাঝিরগাঁও এলাকার তানভীর হোসেন জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা জোগাড় করে গত বছরের ৬ অক্টোবর কম্পিউটারের কাজের আশায় কম্বোডিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর তাঁকে ক্যাসিনোতে কাজ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ তাঁর। তানভীরের দাবি, পাঁচ মাসে তাঁকে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে নেওয়া হয়েছে এবং সর্বোচ্চ চার হাজার ডলারে বিক্রি করা হয়েছে। কাজ না পেয়ে চার মাস বসে থাকতে হয়েছে; এ সময় দেশে থেকে আরও দুই লাখ টাকা আনতে হয়েছে।

তানভীর বলেন, ‘আমাদের খাওয়া-দাওয়া খুব কষ্ট করতেছি, কোনো পথ পাইতেছি না। গতকালকে একজন মারা গেছে অলরেডি, আমরাও মৃত্যুশয্যায়। আমাদের পরিস্থিতি দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না।’

দুই বছর আগে চার লাখ ৯০ হাজার টাকা খরচ করে কম্বোডিয়ায় যাওয়া মুন্সীগঞ্জের এক তরুণও একই পরিস্থিতিতে পড়েছেন। একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করলেও প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় তিন-চার মাস ধরে কর্মহীন তিনি। দেশে থেকে টাকা এনে কোনোমতে দিন পার করছেন। তাঁর অভিযোগ, দেশে ফেরার প্রক্রিয়ার জন্য কম্বোডিয়ায় থাকা এক বাংলাদেশির কাছে প্রত্যেকের ৪৩৫ ডলার করে জমা দিয়েছেন। প্রায় চার মাস পার হলেও দেশে ফিরতে পারেননি।

বায়োমেট্রিক ও ফ্লাইট জটিলতা

ভুক্তভোগীদের ভাষ্য, কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস না থাকায় ব্যাংকক দূতাবাসের নির্দেশনা অনুযায়ী তাঁরা ভিসার মেয়াদোত্তীর্ণজনিত জরিমানা মওকুফের আবেদন করেন। জরিমানা মওকুফের পর কেউ কেউ দেশে ফেরার টিকিটও কাটেন। কিন্তু একটি ফ্লাইটে ৩২ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে আটক করে কারাগারে পাঠানোর পর অন্যদের টিকিট বাতিল করতে বলা হয়। এতে তাঁদের আর্থিক ক্ষতি হয়।

পরে কম্বোডিয়ায় থাকা কামাল নামের এক ব্যক্তির মাধ্যমে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ জন্য প্রত্যেকের কাছ থেকে ৪৩৫ থেকে ৪৫০ ডলার নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।

মিজানুর রহমান জানান, গত ৪ নভেম্বর প্রথম দফায় ১৮ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। তাঁদের মধ্যে ১১ জনকে টিকিট দেওয়া হলেও বাকিরা তা পাননি। যাঁরা টিকিট পেয়েছিলেন, তাঁদেরও বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। তাঁদের বলা হয়, আঙুলের ছাপ ও চোখের স্ক্যানসহ বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর থেকে নতুন করে সাক্ষাৎকার নেওয়া হলেও বায়োমেট্রিক কার্যক্রম শেষ হচ্ছে না বলে অভিযোগ তাঁর।

রাকিবুল ইসলাম বলেন, টিকিটের জন্য একবার অর্থ দেওয়ার পর তা নষ্ট হয়েছে। পরে আবার ৪৩৫ ডলার দিয়েছেন। সাক্ষাৎকার নেওয়া হলেও আঙুলের ছাপ ও চোখের স্ক্যান নেওয়া হয়নি। ইমিগ্রেশন থেকে তারিখ না পাওয়ার কথা জানিয়ে তাঁদের অপেক্ষা করতে বলা হচ্ছে।

তানভীর হোসেনের অভিযোগ, ৭১ জনের একটি দল দেশে ফেরার পর তাঁরা একই প্রক্রিয়ায় অর্থ জমা দেন। দুই দিনের মধ্যে সাক্ষাৎকার নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা হতে প্রায় দুই মাস লেগেছে। সাক্ষাৎকারের পরও দেশে ফেরার ব্যবস্থা হয়নি। এ বিষয়ে যোগাযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বিরক্তি প্রকাশ করেন বলেও দাবি তাঁর।

গত অক্টোবরে কম্বোডিয়ায় আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফেরেন। চলতি বছরের জুনে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর আরও ৫৮৩ বাংলাদেশি ভুক্তভোগী দেশে ফিরেছিলেন। তবে এ বছর বিভিন্ন সময়ে কতজন দেশে ফিরেছেন এবং এখন ঠিক কতজন আটকে আছেন, সে বিষয়ে পূর্ণাঙ্গ পরিসংখ্যান পাওয়া যায়নি।

প্রতারণার ফাঁদে কর্মীরা

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, গত দুই বছরে চাকরির উদ্দেশ্যে ১৬ হাজার ৩৬০ জন বাংলাদেশি কম্বোডিয়ায় গেছেন।

অভিবাসন নিয়ে কাজ করা সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অনেক বাংলাদেশিকে কম্বোডিয়ায় নেওয়া হলেও পরে তাঁদের একটি অংশ প্রতারণা ও মানব পাচারের শিকার হয়েছেন। কারও কারও পাসপোর্ট কেড়ে নিয়ে সাইবার স্ক্যাম সেন্টারে আটকে রাখা হয়। সেখানে ফিশিং লিংকের মাধ্যমে অর্থ আদায়, অনলাইন প্রতারণা ও হানিট্র্যাপের মতো অপরাধমূলক কাজে বাধ্য করার অভিযোগ রয়েছে। কাজ করতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

দেশে ফিরতে চাইলে কাউকে কাউকে জিম্মি করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ বা অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে। এসব অভিযোগের কারণে কম্বোডিয়ায় বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা ও নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

যা বলছে দূতাবাস

ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস জানিয়েছেন, কম্বোডিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো দূতাবাসের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। তাঁর ভাষ্য, সাক্ষাৎকারসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কম্বোডিয়ার কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে কর্মীরা দেশে ফিরতে পারবেন। তবে তাঁদের বাণিজ্যিক ফ্লাইটে আসতে হয়। আসন না থাকলে দূতাবাসের পক্ষে দ্রুত ফেরানোর সুযোগ সীমিত।

রাষ্ট্রদূত বলেন, দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তা জহির ইমাম প্রায় প্রতিদিনই বিষয়টি অনুসরণ করছেন। তিনি নিজেও নিয়মিত খোঁজ নিচ্ছেন। অন্য কর্মকর্তারাও এ বিষয়ে কাজ করছেন।

টিকিট কাটার জন্য নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলা এবং বাড়তি অর্থ নেওয়ার অভিযোগের বিষয়ে আন্দালিব ইলিয়াস বলেন, দূতাবাস কাউকে নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে টিকিট কেনার পরামর্শ দেয়নি। কর্মীরা নিজেরা বা তাঁদের স্বজনেরা যাঁর কাছ থেকে সুবিধাজনকভাবে টিকিট পাচ্ছেন, সেখান থেকেই কিনছেন। টিকিটের খরচও তাঁদের নিজেদের বহন করতে হচ্ছে।

কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস না থাকায় কাজের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে জানান রাষ্ট্রদূত। পাশাপাশি দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি ও দলাদলির কারণে অনেক সময় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ ওঠে বলেও মন্তব্য করেন তিনি।

তবে আটকে পড়া কর্মীদের অভিযোগ, আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরও দেশে ফেরার নির্দিষ্ট সময়সূচি না থাকায় তাঁদের দুর্ভোগ বাড়ছে। অর্থসংকটে খাবার ও বাসাভাড়া জোগাড় করতে হিমশিম খাওয়া এসব মানুষের কাছে এখন দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করাই সবচেয়ে জরুরি।

১

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

২

নির্বাসিত সাবেক নেত্রীকে ঘিরে প্রাণঘাতী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

৩

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

৪

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

৫

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে শিক্ষকদের সুবিধা

৬

মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড, বরযাত্রীর খাবার শেষ—শেষে জুটেছিল ভাত-ডাল

৭

হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ আ.লীগের চার নেতা

৮

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরলেন মাহি

৯

পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’

১০

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির

১১

মুখ লক্ষ্য করে বল ছুড়েও লাল কার্ড এড়ালেন মেসি

১২

তরুণদের জন্য বিনা মূল্যে ক্রিকেট প্রশিক্ষণের পরিকল্পনা বিসিবির

১৩

আওয়ামী ফ্যাসিস্টরা আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনছে: আরিফুল হক চৌধুরী

১৪

ক্যাম্পে মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি

১৫

১৮ দিনে পোশাক খাতে কত ক্ষতি ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }