রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আফজাল হোসেন (৫০) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে রংপুর বিভাগের আট জেলায় নতুন করে ৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
আজ ২২ নভেম্বর রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
নিহত আফজাল হোসেন রংপুর মহানগরীর পীরজাবাদ দরগাপাড়া এলাকার বাসিন্দা। গত ২১ নভেম্বর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আফজাল হোসেনের ভাতিজি খাদিজা বেগম বলেন, সোমবার জ্বর নিয়ে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তার বড় চাচা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
তিনি অভিযোগ করে বলেন, রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। হাসপাতালে ভর্তির পর থেকে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হলেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত করতে পারেননি। শনিবার রাত ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে সেখানে তিনি মারা যান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া ৬৪ জনের মধ্যে রংপুর জেলায় ৩০ জন, লালমনিরহাটে ১২, দিনাজপুরে ১০ ও পঞ্চগড়ে ১২ জন রোগী রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত রংপুর বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৮৮১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৪ জন।
রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল বা চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন ও পৌর এলাকাসহ প্রতিটি বাড়িতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সামান্য জ্বর দেখা দিলেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।